মঙ্গলবার | জুন ২ | ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ নিহত হয়েছেন ৪ জন। শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১০ জনের অধিক।

দুর্ঘটনায় পতিত একটি বাস

নিহতরা হলেন— রেহেনা বেগম (৬০), নাইমুল ইসলাম জিহান, নাইম এবং মনির।

নিহত রেহেনা বেগমের স্বামী বদিউল আলম দৈনিক সংবাদ প্রবাহকে জানান, তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাথরিয়া ইউনিয়নে। তারা পটিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারমুখি বাসে থাকা এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৫ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের অনেকের হাত কিংবা পা কেটে গেছে। আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে পদুয়া ট্রমা সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

মুখোমুখি সংঘর্ষের পর বাস দুটি সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা দেয়। এতে করে বাস দুটি দুমড়ে মুচড়ে যায়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মের জরুরি বিভাগের চিকিৎসক, ডা. তাসফিক আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় হতাহত ৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ সাইফুল মুঠোফোনে দৈনিক সংবাদ প্রবাহকে জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারছা পরিবহনের দুটি বাস ওই এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় দুই চালক একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটির মধ্যে সংঘর্ষ হয় এবং রাস্তার দুপাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী প্রাণ হারান।

Share.
Exit mobile version