মঙ্গলবার | জুন ২ | ২০২৬

বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি  বাংলাদেশে প্রথমবারের মতো তাদের হোম অ্যাপ্লায়েন্স পণ্য উন্মোচন করেছে। ‘Smart Living for Everyone’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে পরিচিত শাওমি এখন একটি পূর্ণাঙ্গ স্মার্ট লাইফস্টাইল ইকোসিস্টেম নির্মাতা হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করলো।

হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

স্মার্টফোন ও এআইওটি (AIoT) প্রযুক্তিতে বিশ্বব্যাপী পরিচিত শাওমি এখন বাংলাদেশের হোম ও লাইফস্টাইল ক্যাটাগরিতে আরও বিস্তৃতি উপস্থিতি নিশ্চিত করছে। দ্রুত নগরায়ণ ও স্মার্ট লাইফস্টাইলের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ১ বিলিয়নেরও বেশি সংযুক্ত ডিভাইস নিয়ে শাওমি বৈশ্বিক কনজ্যুমার AIoT বাজারে নেতৃত্ব দিচ্ছে। পাশাপাশি স্মার্টফোন বাজারে বিশ্বে তৃতীয় অবস্থানে থাকা এই ব্র্যান্ডের টিভি বিভাগও ২০২৫ সালে বৈশ্বিক শিপমেন্টে শীর্ষ পাঁচে জায়গা করে নেয়।

বাংলাদেশে স্মার্ট হোম কেয়ার সেগমেন্টে প্রবেশের অংশ হিসেবে শাওমি উন্মোচন করেছে Mijia Front Load Washer Dryer (10.5kg), যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪,৯৯৯ টাকা। এই ডিভাইসের মাধ্যমে মাত্র ৫৯ মিনিটে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে শাওমি কর্তৃপক্ষ।

বিনোদনপ্রেমীদের জন্য শাওমি নিয়ে এসেছে Xiaomi TV S Mini LED Series, যেখানে QD-Mini LED প্রযুক্তির পাশাপাশি রয়েছে ১২০০ নিটস ব্রাইটনেস, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, Dolby Vision এবং Dolby Atmos সুবিধা। সিরিজটির ৯৮ ইঞ্চি ভ্যারিয়েন্টের মূল্য ৪,৯৯,৯৯৯ টাকা, ৮৫ ইঞ্চি ২,৪৫,৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চি ১,৭৯,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১,৩৯,৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চি ১,০৩,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া Xiaomi TV A Pro Series 2026-এ রয়েছে ৪কে ইউএইচডি ডিসপ্লে ও গুগল টিভি সমর্থিত স্মার্ট বিনোদন ব্যবস্থা। সিরিজটির ৭৫ ইঞ্চি ভ্যারিয়েন্টের মূল্য ১,৫৩,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১,১৪,৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চি ৮৪,৯৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চি ৫২,৯৯৯ টাকা।

শুধু টিভি বা ওয়াশারই নয়, শাওমি আরও বেশ কিছু লাইফস্টাইল পণ্যও বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে এয়ার ফ্রায়ার, স্মার্ট এয়ার পিউরিফায়ার, স্মার্ট ক্যামেরা, আউটডোর ক্যামেরা এবং স্মার্ট ট্র্যাকিং ডিভাইস। এসব পণ্য ব্যবহারকারীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনের সুবিধা বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “হোম অ্যাপ্লায়েন্স খাতে শাওমির বৈশ্বিক সক্ষমতা অত্যন্ত শক্তিশালী। আমরা সেই মানের প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসছি। আধুনিক গ্রাহক এখন বিচ্ছিন্ন ডিভাইস নয় বরং একটি সমন্বিত স্মার্ট ইকোসিস্টেম চান, যা তাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলে। আমাদের ‘Human × Home × Car’ ভিশনের মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি।”

উদ্বোধনী অনুষ্ঠানে পণ্য প্রদর্শনী, মিডিয়ার সঙ্গে মতবিনিময় এবং সরাসরি প্রযুক্তি অভিজ্ঞতার সুযোগ রাখা হয়। হোম অ্যাপ্লায়েন্স খাতে প্রবেশের মাধ্যমে শাওমি বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ স্মার্ট লিভিং ইকোসিস্টেম গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেছে।

Share.
Exit mobile version