ওয়াসিম আকরাম, নওগাঁ: নওগাঁর মান্দায় দাসপাড়া ডিগ্রি কলেজের ২৭তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীনবরণ, আইসিটি ল্যাব উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জোকাহাট এলাকায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইসিটি ল্যাবের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
কলেজের সভাপতি ও মহাদেবপুরের জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মকুল, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এমদাদুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি নুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. আজাহার আলী সেতু।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম প্রামানিক প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি কলেজটিকে জাতীয়করণের পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার সুযোগ বাড়াতে একটি আধুনিক বিজ্ঞান ভবন নির্মাণের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু কলেজে একটি বিজ্ঞান ভবন স্থাপনের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে কলেজটিকে জাতীয়করণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হওয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



