পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আকোটের চর ভাঙা ব্রিজ সংলগ্ন শাহাদাত বেপারী মাঠে অনুষ্ঠিত হয়েছে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষে ফাইনালে ওঠে দোয়েল এক্সপ্রেস ও ভাই ভাই ক্রিকেট ক্লাব।
ফাইনাল ম্যাচে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ভাই ভাই ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে স্থানীয় দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
টুর্নামেন্টের প্রধান আয়োজক অ্যাডভোকেট রাসেল মাহমুদ রিয়ান জানান, এই ধরনের ক্রীড়া আয়োজন প্রতি বছর ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সামাজিক ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন উদ্যোগ সফল করা সম্ভব। পাশাপাশি তিনি যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ক্রীড়ার গুরুত্বের ওপর জোর দেন।
এ সময় আকোটের চরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গুণীজনরা উপস্থিত ছিলেন। তারা এমন ইতিবাচক আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

