ওয়াসিম আকরাম, নওগাঁ: নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার তুলসীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের দারাজ উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তুলসীরামপুর গ্রামে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার এ বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে শহিদুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

