সোমবার | আগস্ট ৩১ | ২০২৬

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. রাব্বী। তিনি মাসকান্দা হাইস্কুল রোড এলাকার মোবারক হোসেনের ছেলে। রাব্বী একটি বেসরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ছিলেন এবং পাসপোর্ট অফিসের সামনে তার একটি কম্পিউটারের দোকান ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে তার দোকানের ভেতর আশ্রয় নেন। হামলাকারীরা দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Share.
Exit mobile version