ওয়াসিম আকরাম, নওগাঁ: নওগাঁর মান্দায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বন্ধ থাকা একটি ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত ইটভাটার সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার জলছত্র মোড় এলাকায় মেসার্স রাজ ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করে জরিমানার অর্থ আদায় করেন।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানে নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার শর্তে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


