শুক্রবার | অক্টোবর ১৬ | ২০২৬

 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে হামের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোজামনি (৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন কোনো শিশুর এ হাসপাতালে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) সকালে জ্বর, সর্দি-কাশিসহ হামের উপসর্গ দেখা দেওয়ায় রোজামনিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। রোজামনি পার্শ্ববর্তী সালথা উপজেলার সাধুহাটি গ্রামের সৌদি আরবপ্রবাসী অহিদ শেখের মেয়ে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিদিনই এ ধরনের উপসর্গ নিয়ে শিশু ও অন্যান্য রোগী হাসপাতালে আসছেন। তাঁদের অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে রোজামনির মৃত্যু হামের উপসর্গ নিয়ে এ হাসপাতালে প্রথম।

হামের সংক্রমণ বাড়তে থাকায় শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ডা. নাজমুল হাসান। কোনো শিশুর জ্বর, সর্দি-কাশি কিংবা শরীরে লালচে দাগ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।

Share.
Exit mobile version