সোমবার | মার্চ ২ | ২০২৬

আল আমিন খান রুশো:

দুবাইয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান দৃঢ় করেছেন বাংলাদেশি তরুণ প্রবাসী মো. শাকিব উদ্দিন। ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ এবং অর্থনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানজনক ‘গোল্ডেন ভিসা’ প্রদান করা হয়েছে।

দীর্ঘদিন ধরে দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে সক্রিয় থাকা শাকিব উদ্দিন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তার পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য প্রসার লাভ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ে অর্জিত অভিজ্ঞতা ও আধুনিক পরিকল্পনার আলোকে বাংলাদেশেও আবাসন খাতে দুবাই মডেলে কয়েকটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন তিনি।

আমিরাত সরকার সাধারণত যেসব উদ্যোক্তা দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য বিনিয়োগ, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম এবং টেকসই অবদান রাখেন, তাদেরকেই গোল্ডেন ভিসা প্রদান করে। এই ভিসার মাধ্যমে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আমিরাতে বসবাস, কাজ ও বিনিয়োগের বিশেষ সুযোগ পান ভিসাধারীরা।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি শাকিব উদ্দিনের আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হলো প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি। তার প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করছেন, যা প্রবাসে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

দুবাইয়ে দীর্ঘদিনের সুনাম, পেশাদারিত্ব এবং ধারাবাহিক সাফল্যের ফল হিসেবে পাওয়া এই গোল্ডেন ভিসা শুধু মো. শাকিব উদ্দিনের ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের সম্ভাবনা ও সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে।

Share.
Exit mobile version