শুক্রবার | অক্টোবর ১৬ | ২০২৬

ওয়াসিম আকরাম, নওগাঁ:

‘ব্যস্ততম এই পৃথিবীতে একটু সুখের আশায়, চলো মোরা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জীবনতরী হাওয়ার ওপর ভাসাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ,১৫ অক্টোবর বৃহস্পতিবার নওগাঁর মান্দায় ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সাংবাদিক সাফিউল ইসলাম রকির সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি গমের আলী এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মান্দা উপজেলা শাখার সভাপতি মো. রায়হান আলী, মান্দা আইডিয়াল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম।এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বনভোজনকে কেন্দ্র করে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ আয়োজন তাদের স্বাভাবিক বিকাশ, মানসিক প্রশান্তি ও পারস্পরিক মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুন বলেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি সহমর্মিতা দেখানোর পাশাপাশি শিক্ষা, আনন্দ ও সুস্থ বিকাশের সমান সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এ ধরনের আয়োজন শিশুদের মনে আনন্দ জোগানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক। তাদের পাশে দাঁড়াতে পরিবার, শিক্ষক, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের আনন্দময় সময় কাটানোর পাশাপাশি তাদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক মেলবন্ধন তৈরি হয়। আয়োজকেরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বাভাবিক ও আনন্দময় শৈশব নিশ্চিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

Share.
Exit mobile version