শুক্রবার | অক্টোবর ১৬ | ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর আত্রাইয়ে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা অপসারণ করা হয়েছে। পরে নির্ধারিত মান অনুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহার করে সড়কের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের সিদ্ধেশ্বরী মোড় থেকে মিঠাপুর পর্যন্ত ২ দশমিক ৩ কিলোমিটার সড়কের নির্মাণকাজ চলছে। সেখানে নিম্নমানের খোয়া সরিয়ে প্রথম শ্রেণির ইট ব্যবহার করে তা ভেঙে সড়কের বেড তৈরির কাজ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম, মুক্তার হোসেন ও মনসুর আলীসহ কয়েকজন বলেন, নির্মাণকাজে নিম্নমানের খোয়া ব্যবহারের বিষয়টি তাঁরা আগেই সংশ্লিষ্টদের জানিয়েছিলেন। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নিম্নমানের খোয়া সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে প্রথম শ্রেণির ইট ব্যবহার করে কাজ করা হচ্ছে। বাকি কাজও নির্ধারিত মান বজায় রেখে করা হবে বলে তাঁরা আশা করেন।

এলজিইডির আত্রাই উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, সড়কটির নির্মাণকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮ হাজার ২৭৬ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড, রাজশাহী। স্থানীয়ভাবে সাজু আহমেদ ও মকলেছুর রহমান নামে দুই সাব-ঠিকাদার নির্মাণকাজটি বাস্তবায়ন করছেন।

কাজ বাস্তবায়নকারী ঠিকাদার সাজু আহমেদ বলেন, ইটভাটা থেকে ভুলবশত কিছু নিম্নমানের নির্মাণসামগ্রী সড়কে চলে এসেছিল। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রকৌশলীর নির্দেশে সেগুলো অপসারণ করা হয়েছে। বর্তমানে প্রথম শ্রেণির নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে।

এ বিষয়ে এলজিইডির আত্রাই উপজেলা প্রকৌশলী নিশিত কুমার বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্টদের তা অপসারণের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী নিম্নমানের সামগ্রী সরিয়ে নির্ধারিত মানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে। নির্মাণকাজের মান নিশ্চিত করতে বিষয়টি নিয়মিত নজরদারিতে রাখা হয়েছে।

Share.
Exit mobile version