রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এ কম্পন টের পাওয়া যায়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প ছিল এবং এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬।
ভারতের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে।গত ২২ ও ২৩ নভেম্বর—দুই দিনে ঢাকাসহ আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে তিনটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং একটি ঢাকায়। পাঁচদিনের মাথায় এটি রাজধানীতে পঞ্চম কম্পন।

