দলের নাম বা প্রতীক দেখে ভোট দেওয়ার যুগ এখন আর নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, নির্বাচনের ক’দিন আগে মাঠে গিয়ে প্রচারণা করলেই জেতা যাবে—এ ধারণা ভ্রান্ত। রাজনৈতিক দলগুলোকে সময় থাকতে জনগণের কাছে গিয়ে তাদের মতামত বোঝার আহ্বান জানান তিনি।
রোববার (২৩ নভেম্বর) শাহবাগে এক সংবাদ সম্মেলনে সারজিস আলম জানান, অনেক এলাকার স্থানীয় নেতাকর্মীদের কর্মকাণ্ডে মানুষ হয়রানির শিকার হচ্ছে, যার প্রতিক্রিয়া ভোটে সরাসরি পড়বে। তিনি আশা প্রকাশ করেন, এবার ভোটাররা বয়স, প্রতীক বা পুরোনো আনুগত্য নয়—যোগ্য প্রার্থীকে বেছে নেবেন।
সংগঠন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি সারাদেশে আহ্বায়ক কমিটি গঠনের কাজ করছে। উত্তরাঞ্চলের ৩২ জেলার মধ্যে ২০টিতে কমিটি সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের মধ্যে সব ওয়ার্ডে কার্যকর কমিটি গঠনের লক্ষ্য রয়েছে।

