দেশের রাজনৈতিক অঙ্গন ফের উত্তপ্ত। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও অরাজক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।
‘ক্ষমতার কি লোভ— এক লাখ বেলুন, নাকি বাসে আগুন?’ শিরোনামের ওই পোস্টে তিনি লেখেন, “গণহত্যা, গুম-খুন করে, জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি-লুটপাট করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা সৃষ্টি করছে— নির্বাচন বানচাল করে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংসের লক্ষ্যে।”
তিনি আরও লেখেন, “আমার আশ্চর্য লাগে, যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কীভাবে সমর্থন করে? এর মানে একটাই— এরাই ছিল সুবিধাভোগী। আর এখন এর ফল ভোগ করতে হবে নিরীহ নেতাকর্মীদের।”
যদিও তিনি সরাসরি কোনো নাম উল্লেখ করেননি, তবে পোস্টের ভাষা ও ইঙ্গিতে আওয়ামী লীগের অভ্যন্তরীণ নেতৃত্বের দিকেই ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে। ৫ আগস্টের পর থেকে সোহেল তাজ আওয়ামী লীগের নীতি ও কর্মকাণ্ডের সমালোচনায় ধারাবাহিকভাবে সক্রিয় রয়েছেন।

