আঞ্চলিক সফরের অংশ হিসেবে বুধবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং তাঁকে স্বাগত জানান এবং আমেরিকান খাবারে আপ্যায়ন করেন।
রয়টার্স জানায়, মধ্যাহ্নভোজে ট্রাম্পের জন্য পরিবেশন করা হয় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গরুর মাংস দিয়ে তৈরি ‘কোরিয়ান প্ল্যাটার অফ সিন্সারিটি’। সঙ্গে ছিল গরুর মাংসের প্যাটি, ঐতিহ্যবাহী কিমচি ও কেচাপ।
ইয়োনহাপ সংবাদ সংস্থা জানায়, এই ভোজে কোরিয়ান রন্ধন ঐতিহ্যের সঙ্গে আমেরিকান স্বাদের মেলবন্ধন ঘটেছে, যা দুই দেশের দীর্ঘস্থায়ী জোটের প্রতীক হিসেবে ধরা হচ্ছে। প্রেসিডেন্ট কার্যালয়ের ভাষায়, “কোরিয়ান স্বাদ আমেরিকান চেতনার সঙ্গে মিলিত হয়—স্বাদের মাধ্যমে স্থায়ী বন্ধুত্ব উদযাপন।”
গিয়ংজুর জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত এই মধ্যাহ্নভোজে আরও পরিবেশন করা হয় চিংড়ি, স্ক্যালপ, ভেষজ মিশ্রণে তৈরি অ্যাবালোন সালাদ, মৌসুমী শাকসবজি, এবং সদ্য কাটা শস্যের ভাত।
ভোজের সমাপ্তি ঘটে ‘পিসমেকার্স ডেজার্ট’ দিয়ে—সোনা দিয়ে সাজানো ব্রাউনি ও কোরিয়ান ম্যাগনোলিয়া বেরি থেকে তৈরি ঝলমলে ‘ওমিজা’ পানীয় পরিবেশনের মধ্য দিয়ে।

