বছরের পর বছর ধরে গাজায় চলমান ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ জানাতে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আরও ১১টি জাহাজ গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে। সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ২৫ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে রওনা হয়েছে। এরপর ৩০ সেপ্টেম্বর তাদের সঙ্গে আরেকটি জাহাজ ‘কনসায়েন্স’ যোগ দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই জাহাজগুলো কয়েক ঘণ্টার মধ্যে ‘থাউজন্ড ম্যাডলিনস টু গাজা’ নামের ৮টি নৌকাবহরের সঙ্গে মিলিত হবে। এক সঙ্গে দুটি দল গাজার দিকে যাওয়ার জন্য ১১টি জাহাজের একটি বড় বহর তৈরি করবে। বর্তমানে ক্রিট উপকূলে থাকা এই নৌকাগুলোতে প্রায় ১০০ জন মানুষ রয়েছে।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থার মূল উদ্দেশ্য হলো ইসরায়েল-অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এবং বিশ্বব্যাপী এই সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। এর আগে সংস্থাটি বেশ কয়েকবার গাজার উদ্দেশে মিশন পরিচালনা করেছে।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, একদিন আগে ইসরায়েলি বাহিনী গাজাগামী ৪২টি নৌকা আটক এবং ৪৫০-এর বেশি কর্মীকে আটক করেছে। এ ঘটনার একদিন পরই নতুন এই বহরের যাত্রার খবর প্রকাশিত হলো।
ইসরায়েল প্রায় ১৮ বছর ধরে গাজায় অবরোধ বজায় রেখেছে। এখানে প্রায় ২৪ লাখ মানুষ বসবাস করছে। গত মার্চ মাসে সীমান্ত ক্রসিং বন্ধ এবং খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করার ফলে অবরোধ আরও জোরদার হয়েছে। এর ফলে অঞ্চলটি দুর্ভিক্ষের মুখে পড়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৬৬ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। জাতিসংঘ এবং মানবাধিকার গোষ্ঠী বারবার সতর্ক করে দিয়েছে, গাজা বসবাসের অযোগ্য হয়ে উঠছে এবং দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

