প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সুরক্ষিত অ্যাপের মাধ্যমে পৃথিবীর যেকোনো দেশ থেকে প্রবাসীরা এবার ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে প্রবাসীদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, এ উদ্যোগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।
সিইসি জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। খুব শিগগিরই এ অ্যাপ চালু করা হবে।
তিনি বলেন, অ্যাপটি ডাউনলোড করার পর একটি নির্দেশনামূলক ভিডিও দেখা যাবে। সেখানে ধাপে ধাপে প্রয়োজনীয় তথ্য জানানো থাকবে। নিবন্ধনের সময় এনআইডি, পাসপোর্টের তথ্য ও প্রবাসের ঠিকানা দিতে হবে। এ ছাড়া ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে।
নিবন্ধন শেষ হলে প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে। ভোট দেওয়ার পর সেটি ডাকযোগে ফেরত পাঠাতে হবে। সিইসি জানান, নির্দিষ্ট খামে ব্যালট পেপার পাঠানো হলে তা যথাযথ স্থানে পৌঁছে যাবে।
তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, ‘‘আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং ভোট দিতে আগ্রহী হন তবে অবশ্যই নিবন্ধন করবেন। আমরা আশা করি, আমাদের সব প্রবাসী ভাইবোন এই সুযোগ কাজে লাগাবেন।’’

