বাগেরহাট থেকে ওবায়দুল্লাহ ওবায়েদ
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট–২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমসহ (সিলভার সেলিম) ১৩ জন নেতাকর্মীকে দুই যুগ পর অব্যাহতি দিয়েছে আদালত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুর সবুর মিনা জননিরাপত্তা আইনের মামলায় তাদের বেকসুর খালাসের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় এম এ এইচ সেলিমসহ অপর আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম।
রায়ের খবর খবরে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়ে আদালত প্রাঙ্গণ মুখরিত করে তোলে।সেলিমকে একনজর দেখার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষ আদালতে ভিড় জমায়।
আইনজীবী শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “২০০১ সালে কচুয়া উপজেলার সাইনবোর্ডএলাকায় হামলা, মারামারি ও ভাঙচুরের ঘটনায় জননিরাপত্তা আইনে এ মামলা করা হয়। এটি ছিলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। পরবর্তীতে উচ্চ আদালতের আদেশে মামলাটি স্থগিত হয়। যদিও ২০০৮ সালে জননিরাপত্তা আইন বাতিল করা হয়, মামলাটি নিম্ন আদালতে চলতে থাকে। আজ অবশেষে বিচারক দীর্ঘ শুনানির পর আসামিদের বেকসুর খালাস দিয়েছেন।”
দুই যুগ পর এই মামলার অবসান হওয়ায় এম এ এইচ সেলিমসহ আসামি ও তাদের আইনজীবীগণ স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।

