বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ভারতীয় রুপি কিছুটা শক্তিশালী হয়ে লেনদেন শুরু করেছিল। কিন্তু সেই প্রবণতা স্থায়ী হয়নি। ডলার কেনার চাপ বাড়ায় আবারও দুর্বল হয়েছে রুপি।
দিনের শুরুতে রুপির দর দাঁড়ায় ৮৭ দশমিক ৫২৫০। তবে পরে তা নেমে আসে ৮৭ দশমিক ৬৫৭৫–এ, যা প্রায় আগের দিনের সমান। বুধবার ছুটির কারণে ভারতের বাজার বন্ধ থাকায় রুপির লেনদেনে প্রভাব পড়ে।
ব্যাংকারদের মতে, আমদানিকারকেরা এখন বেশি ডলার কিনছেন। কারণ যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর পর মুদ্রাবাজারে চাপ তৈরি হয়েছে। ফলে রুপি আরও শক্তিশালী হওয়ার সুযোগ নেই বলে তারা মনে করছেন।
তাদের ধারণা, রুপির পতন ঠেকাতে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) মঙ্গলবার বাজারে হস্তক্ষেপ করেছিল ।
বিশ্লেষকদের মতে, ডলার–রুপি বিনিময় হার এখন ৮৭ দশমিক ৫০ থেকে ৮৮–এর মধ্যে ঘুরতে পারে। তবে আগামী কয়েক সপ্তাহে তা ৮৮ দশমিক ৫০ পর্যন্তও যেতে পারে।
শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে। বৃহস্পতিবার ভারতের শেয়ারবাজার নিম্নমুখী ছিল। বিনিয়োগকারীদের আগ্রহ কমে গেছে, যা রুপির ওপর চাপ আরও বাড়িয়েছে।
এশিয়ার বেশির ভাগ দেশ তাদের মুদ্রার ইতিবাচক প্রবণতা দেখিয়েছে। মার্কিন সুদের হার কমতে পারে এমন প্রত্যাশায় তারা লাভবান হয়েছে। কিন্তু ভারতীয় রুপি সেই ধারা থেকে পিছিয়ে পড়েছে।

