ওয়াসিম আকরাম, নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলায় ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংস্কার এবং নতুন অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১৯টি বিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রায় শতাধিক বিদ্যালয়কে তিনটি শ্রেণিতে ভাগ করে উন্নয়ন প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব বিদ্যালয়ের জন্য শিগগিরই সরকারি বরাদ্দ পাওয়ার আশা করছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের নুরুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। সংসদ সদস্য টিপু স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
তিনি বলেন, মান্দার প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবন ও শ্রেণিকক্ষের অবস্থা বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে কয়েকটি বিদ্যালয় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আবার কিছু প্রতিষ্ঠানের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশেই শিক্ষার্থীদের পাঠদান চলছে।
সংসদ সদস্য জানান, প্রাথমিকভাবে ১৯টি বিদ্যালয়কে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া উপজেলার প্রায় শতাধিক বিদ্যালয়ের অবকাঠামোগত চাহিদা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার অনুযায়ী পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানের উন্নয়নকাজ করা হবে।
এদিকে বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন হলে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করার পাশাপাশি শ্রেণিকক্ষ সংকটও অনেকটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল্লাবাদ উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলে রাব্বি তারেক। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোখলেসুর রহমান মকে, যুবদলের সভাপতি আব্দুল জলিল, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

