ওয়াসিম আকরাম, নওগাঁ: নওগাঁর মান্দায় বাড়িতে একা পেয়ে ১৭ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের তানইল গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল আলিম ভুট্টু (৫০) ও এনামুল সরদার (৩২)। তাঁদের বাড়ি বৈদ্যপুর ও বেজোড়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগীর মা ও ভাই কালীপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে তরুণী ও তাঁর বাবা ছিলেন। রাতের দিকে তাঁর বাবা স্থানীয় নীলা বাজারে কেনাকাটা করতে গেলে ওই দুই ব্যক্তি বাড়িতে প্রবেশ করে তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করেন। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় তরুণীর ভাইয়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

