ওয়াসিম আকরাম, নওগাঁ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নওগাঁর মান্দায় সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন।
সেমিনারে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্যবাদী চেতনা ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক অবদান নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তাঁর সৃষ্টিকর্মের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

