মো. রুহুল আমিন শেখ: নওগাঁর নিয়ামতপুরে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়াতে র্যালি, ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী উপজেলা সদরের এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত এ কর্মসূচিতে অর্থায়ন করে সুইজারল্যান্ড সরকার। সহযোগিতায় ছিল ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ।
বিদ্যালয় পর্যায়ে পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠানের ধারণা বাস্তবায়ন, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং বর্জ্যের পুনর্ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টি ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে ‘বর্জ্য নয়, সম্পদ’—এ বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ইয়াসিন আলী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীসহ মোট ২৫ জনকে পুরস্কৃত করা হয়।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আনোয়ার সাদাত বলেন, “বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারলে তা সম্পদে পরিণত হতে পারে।”
ইএসডিওর প্রতিনিধিরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন সম্পর্কে সচেতনতা বাড়বে। পাশাপাশি দৈনন্দিন জীবনে বর্জ্য ব্যবস্থাপনার সঠিক অভ্যাস গড়ে উঠবে।

