সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৫) পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল শনিবার রাত ১১টার দিকে এসআরবি ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন। তাকে এসআরবি-৬ এর সাতক্ষীরা কার্যালয়ে রাখা হয়েছে। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।
গত মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে দুই দফা হামলা চালিয়ে শামীমকে পিটিয়ে হত্যা করা হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আবদুল জলিল বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে স্থানীয় তৌহিদী জনতার নেতা ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়।
এর আগে শুক্রবার ভোরে এ মামলায় এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন মোক্তার হোসেন খান (৫৩) ও আসাদুল ইসলাম মোল্লা (৪৬)।
নিহত ওয়াহিদুজ্জামান শামীম উপজেলার বড় শান্তা গ্রামের বাসিন্দা। তিনি মাদ্রাসা থেকে কামিল পাসের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরিবার জানায়, কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে অসুস্থ হওয়ার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

