নারায়ণগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দুই সংস্কৃতি কর্মীর মুক্তি ও বিচার ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জোটের উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল ও শিল্পী অমল আকাশ।
মানববন্ধনে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আদালতে হাজিরার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও আবৃত্তিশিল্পী জিয়াউল ইসলাম কাজল এবং নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে। গত ১৪ অক্টোবর ভোররাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বক্তারা বলেন, জিয়াউল ইসলাম কাজল পেশায় একজন আইনজীবী। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যে কোনো মক্কেলের পক্ষে আদালতে দাঁড়াতে পারেন, এটি অপরাধ হতে পারে না। এছাড়া ‘জয় বাংলা’ স্লোগানের ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তারা।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, “শেখ হাসিনার শাসনামলে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট রাজপথে সরকারবিরোধী আন্দোলন করেছে। জিয়াউল ইসলাম কাজল ২০২৪-এর গণ-আন্দোলনের সময় সংগঠনের সভাপতি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন। একজন নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নার রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।”
মানববন্ধন থেকে গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি এবং বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে সংস্কারের দাবি জানানো হয়।

