ওয়াসিম আকরাম, নওগাঁ: নওগাঁর মান্দায় উপজেলা প্রকৌশলীর নির্দেশনা উপেক্ষা করে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে গাইহানা উত্তরপাড়া ঈদগাহ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক নির্মাণকাজে ইটভাটার পরিত্যক্ত রাবিশ, নিম্নমানের ও নির্ধারিত মাপের চেয়ে বড় ইটের খোয়া ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, দরপত্রের মাধ্যমে এক কোটি চার লাখ টাকায় কাজটি পেয়েছে শওকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে দেখা যায়, সড়কের আইস ফিলিংয়ের পর সাববেস নির্মাণে ইটভাটার পরিত্যক্ত রাবিশ মিশ্রিত ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। এসব খোয়ার মধ্যে নিম্নমানের ও নির্ধারিত মাপের চেয়ে বড় আকারের ইটও রয়েছে। স্থানীয় বাসিন্দারা কাজে বাধা দিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারে আপত্তি জানালে একপর্যায়ে নির্মাণকাজ বন্ধ রাখা হয়। পরে উপজেলা প্রকৌশলী সরেজমিনে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন বলে জানান স্থানীয়রা। তবে তাঁদের অভিযোগ, প্রকৌশলীর নির্দেশনা উপেক্ষা করেই পরবর্তী সময়ে আবারও একই ধরনের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ চালানো হয়েছে।
গাইহানা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা শুভ, আল মামুন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানটি দুই ও তিন নম্বর ইট, রাবিশ এবং গড়ে ইট দিয়ে সড়ক নির্মাণ করছে। এলাকাবাসী সম্মিলিতভাবে নিষেধ করলেও ঠিকাদারের লোকজন তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। পরে উপজেলা প্রকৌশলী এসে তাঁদের অভিযোগ শুনে কাজ বন্ধ করে দেন। সে সময় নিম্নমানের ইট সরিয়ে ভালো মানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এখন আবারও সেই নিম্নমানের ইট দিয়েই কাজ করা হচ্ছে। এভাবে সড়ক নির্মাণ করা হলে অল্প সময়ের মধ্যেই তা নষ্ট হয়ে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে শওকত এন্টারপ্রাইজের পরিচালক জয় বলেন, সড়কের কাজটি আমরা বিক্রি করে দিয়েছি। এই মুহূর্তে বলতে পারছি না, কারা কাজটি বাস্তবায়ন করছে। নথিপত্র দেখে পরে বলতে পারব।
উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে আমি সেগুলো অপসারণের নির্দেশ দিয়েছিলাম। কিন্তু আমাকে কিংবা আমাদের দপ্তরের কাউকে না জানিয়ে তারা আবারও কাজ শুরু করেছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

