শুক্রবার | অক্টোবর ১৬ | ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে কৌশলে ডেকে নিয়ে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ এবং তা প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মো. জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর মান্দা থানায় মামলা নথিভুক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৭ অক্টোবর ঘটনাটি ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, রাজশাহীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকার বাসিন্দা মীর মো. আনোয়ার হোসেন (৬২) ছেলের জন্য পাত্রী দেখার উদ্দেশ্যে পূর্বপরিচিত এক নারীর মাধ্যমে মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের একটি বাড়িতে যান। সেখানে আগে থেকে পরিকল্পনা করে রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, ওই বাড়িতে যাওয়ার পর জাকারিয়ার পরিকল্পনায় অন্য আসামিরা আনোয়ার হোসেনকে মারধর করেন। এ সময় এক নারী আসামির সঙ্গে তাঁকে জোরপূর্বক অশ্লীল ও নগ্ন ছবি এবং ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। এ সময় ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গেও মুঠোফোনে যোগাযোগ করে টাকা চাওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে টাকা দেওয়ার আশ্বাস দিয়ে একই দিন দুপুরে স্বজনেরা তাঁকে সেখান থেকে উদ্ধার করেন। এরপর তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ১১ অক্টোবর মান্দা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১) ও ৮(২) ধারা এবং দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৩৮৫, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জাকারিয়ার বিরুদ্ধে এর আগে মোহনপুর ও মান্দা থানায় আরও তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার অন্য আসামিদের পরিচয় ও তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে।

Share.
Exit mobile version