মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ইতালির রাজধানী রোমে যাচ্ছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (WFF)–এর মূল অনুষ্ঠানে যোগ দিতে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন।

ভ্রমণসূচি অনুযায়ী, প্রফেসর ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এ ছাড়া, তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকগুলোতে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়ন–বিষয়ক বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর আওতায় পরিচালিত ওয়ার্ল্ড ফুড ফোরাম হচ্ছে এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্র হয়ে ভবিষ্যতের খাদ্যব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন। এ বছর রোমের এফএও সদর দপ্তরে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সম্পৃক্ততা ও ইতিবাচক উপস্থিতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। প্রফেসর ইউনূস আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

Share.
Exit mobile version