সুফিবাদ বিষয়ে গবেষণা, লেখালেখি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন সুফি মোবারক হোসেন মুরাদ।
রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেট (থ্রি স্টার)-এর অডিটোরিয়ামে নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি (বাংলাদেশ চ্যাপ্টার) আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও ভেজালবিরোধী অভিযানে আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা। বিশেষ অতিথি ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা, আনসার ও ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এবং ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় সুফি মোবারক হোসেন মুরাদ বলেন, ছাত্রজীবনে নব্বইয়ের গণআন্দোলনের সময় বিভিন্ন কর্মসূচিতে নেলসন ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে রচিত গান পরিবেশন করতেন। দীর্ঘ ৩৬ বছর পর ম্যান্ডেলার নামে প্রবর্তিত এ সম্মাননা অর্জন তার জন্য অত্যন্ত আবেগঘন ও গৌরবের বিষয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি (বাংলাদেশ চ্যাপ্টার)-এর সভাপতি ড. এটিএম মনতাজুল করিম। অনুষ্ঠানের শেষে আয়োজকরা শান্তি, মানবাধিকার ও মানবকল্যাণে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করেন।
Previous Articleচট্টগ্রাম ও সিলেটের বন্যা॥ জলবায়ু-সহনশীল দেশ গড়া প্রয়োজন

