২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ০-০ ড্রতে শেষ হয়েছে। ফলে খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
১৯ জুলাই ২০২৬, নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং স্পেন।
পুরো ৯০ মিনিট ছিল অনেকটাই নিষ্প্রভ। স্পেন ১২টি শট নিলেও আর্জেন্টিনা ৯০ মিনিট পর্যন্ত একটিও শট নিতে পারেনি। ২০২২ সালে স্পেনের বিপক্ষে কোস্টারিকার পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে কোনো দল একটিও শট ছাড়া থাকলো। গত ৬টি ফাইনালের মধ্যে এটি ৫ম ফাইনাল যা অতিরিক্ত সময়ে গেল।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। ৯০+৩ মিনিটে স্পেনের ডিফেন্ডার পাও কুবার্সিকে ফাউল করার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এর আগে প্রতিপক্ষের ফাউল আদায় করতে না পারার প্রতিক্রিয়া দেখিয়ে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের রেফারি ছিলেন স্লাভকো ভিনচিচ।
৯০+৭ মিনিটে দারুণ সুযোগ পায় স্পেন। পারেদেসের ফাউল থেকে ফ্রি কিক পান লামিন ইয়ামাল। তার নেওয়া শটটি প্রাচীরের ওপর দিয়ে গেলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দুই হাতে ঠেকিয়ে কর্নারে পাঠান।
এখন ১০ জনের আর্জেন্টিনাকে নিয়ে ৩০ মিনিটের অতিরিক্ত সময়ের খেলা চলছে।

