আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নয় দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরে তিন দিন কঠোর নিরাপত্তা বলবৎ থাকবে। পরিস্থিতি অনুযায়ী সময়সীমা সমন্বয় করা হতে পারে।
তিনি জানান, বর্তমানে সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য মাঠে আছে। নির্বাচনের সময় সেনাসদস্য সংখ্যা হবে প্রায় এক লাখ। বিজিবি ৩৫ হাজার, নৌবাহিনী পাঁচ হাজার, কোস্টগার্ড চার হাজার, র্যাব আট হাজার এবং আনসার সদস্য থাকবে সাড়ে পাঁচ লাখ। নির্বাচন ব্যবস্থাপনায় এবার আনসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের অস্ত্র ও বডি ক্যামেরা সরবরাহ করা হবে।
নিরাপত্তা নিয়ে সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবেই হবে। সরকার পরিবর্তন বিষয়ে তিনি আরো বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আগের সরকার পতন ঘটেছে।
