ক্ষমতায় গেলে বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি—এ মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে—তাই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তাদের আরও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখা উচিত। কিন্তু গত সরকার ও মোদি সরকারের সময় উল্টো বাংলাদেশকে চাপে ফেলা হয়েছে এবং বিনিময়ে তেমন কিছু পাওয়া যায়নি। এটি আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্যা, বাণিজ্য ভারসাম্যসহ সব ইস্যুতে সমমর্যাদার ভিত্তিতে সমাধান নিশ্চিত করবে। দেশের স্বার্থকে সবার আগে রাখাই হবে তাদের অঙ্গীকার।
