জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি ও অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, চলতি অর্থবছরেই দেশের জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে, যা সরকারের লক্ষ্যমাত্রার দুই বছর আগেই পূরণ হবে।
চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সামরিক কর্মকাণ্ডকে ‘গুরুতর উদ্বেগের বিষয়’ আখ্যা দিয়ে তাকাইচি বলেন, “মুক্ত ও স্থিতিশীল আন্তর্জাতিক ব্যবস্থাকে ভূরাজনৈতিক প্রতিযোগিতা মারাত্মকভাবে নড়বড়ে করছে।” চীনবিরোধী অবস্থানের জন্য পরিচিত তাকাইচি প্রেসিডেন্ট ট্রাম্পের আসন্ন টোকিও সফরে জাপান–যুক্তরাষ্ট্র সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে, জাপানের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি ও অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিলের সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, “এসব পদক্ষেপ জাপানের শান্তিপূর্ণ উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ তৈরি করছে।”
