বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় করতে তিনি কাজ করবেন।
ওয়াশিংটন ডিসিতে সিনেট পররাষ্ট্র সম্পর্ক কমিটির শুনানিতে তিনি বলেন, “অনুমোদন পেলে ঢাকায় মার্কিন দূতাবাসের দলকে নেতৃত্ব দিয়ে উভয় সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করব, যাতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব আরও শক্তিশালী হয়।”
তিনি উল্লেখ করেন, “২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের সরকার পরিবর্তন হয়েছে। আগামী বছরের শুরুতে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে নতুন সরকার বেছে নেবে—যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।”
ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ, আর যুক্তরাষ্ট্র দেশের অর্থনৈতিক সুযোগ, বাণিজ্য সম্পর্ক ও গণতান্ত্রিক অগ্রগতি বৃদ্ধিতে সহযোগিতা করতে চায়।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে।
