সোমবার | মার্চ ২ | ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

এক শোকবার্তায় সংগঠনটি উল্লেখ করে, দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও নাগরিক অধিকার রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ়চেতা নেতৃত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে সংগ্রাম চালিয়ে গেছেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাকে একটি বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

শোকবার্তায় আরও বলা হয়, নানা সংকট, বাধা ও কঠিন সময়ের মধ্যেও তিনি কখনো দেশ ত্যাগের পথ বেছে নেননি। দেশ ও মানুষের প্রতি তার গভীর ভালোবাসা, ত্যাগ ও সাহসী নেতৃত্ব জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার রাজনৈতিক অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মন্তব্য করে সংগঠনটি।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এ্যাবের উদ্যোগে বিভিন্ন শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ যোহর সংগঠনের কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে হাইকোর্ট সংলগ্ন জামে মসজিদেও বাদ যোহর কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

এসব দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হবে।

এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন সংগঠনের সকল সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে শোক কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Share.
Exit mobile version