সোমবার | মার্চ ২ | ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে ঋণের নামে ৯ হাজার ২৮৩ কোটি টাকা আত্মসাৎ ও এর অংশ সিঙ্গাপুরে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুদ ও লভ্যাংশসহ আত্মসাৎকৃত অর্থের পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৭৯ কোটি ৬২ লাখ টাকা— যা দুদকের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতির মামলা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংকের আইটি সফটওয়্যারে জালিয়াতির মাধ্যমে অনুমোদনবিহীন ঋণসীমা বৃদ্ধি ও অর্থ স্থানান্তর করা হয়। এসব অর্থ নামসর্বস্ব প্রতিষ্ঠান হয়ে এস আলম গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়।

২০২৩ সালের ডিসেম্বর মাসে ২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার সিঙ্গাপুরে পাঠানো হয়, যা অর্থপাচারের স্পষ্ট প্রমাণ বলে দুদক জানিয়েছে। মামলায় ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসামি হয়েছেন।

Share.
Exit mobile version