মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন ঢাকার দুটি বিশেষ জজ আদালত। এর মাধ্যমে মামলাগুলোর বিচারিক কার্যক্রম শুরু হলো।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও ৫ পৃথকভাবে এসব মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন। অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক, ভাগ্নি টিউলিপ সিদ্দিক এবং আরও অনেক রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তি।

আদালতের আদেশ ও পরবর্তী তারিখ
বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তিনটি মামলায় শেখ হাসিনাসহ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্যে একটি মামলায় শেখ রেহানা, একটি মামলায় আজমিনা সিদ্দিক এবং আরেকটিতে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ শেখ হাসিনার নাম রয়েছে। এসব মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট।

অন্যদিকে, বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন বাকি তিন মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে ১১ আগস্ট থেকে।

আসামিরা কেউ আদালতে উপস্থিত না থাকায় বিচারকরা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

মামলার পটভূমি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান চলতি বছরের জানুয়ারিতে এই ছয়টি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১০ মার্চ সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে চার্জশিট জমা দেন।

মূল অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পের অধীনে ৬০ কাঠা সরকারি জমি নিজের এবং ঘনিষ্ঠদের নামে বরাদ্দ নিয়েছেন। এসব বরাদ্দের মধ্যে আত্মীয়স্বজন ও রাজনৈতিকভাবে সুবিধাভোগীদের নাম রয়েছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম মামলাগুলোর সর্বশেষ অবস্থা নিশ্চিত করে বলেন, “আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করেছেন। এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে যাচ্ছি।”

প্রসঙ্গত পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি বরাদ্দে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠে আসছিল। এবার প্রথমবারের মতো দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা আনুষ্ঠানিকভাবে আদালতের কাঠগড়ায় বিচারের মুখোমুখি হচ্ছেন।

Share.
Exit mobile version