চীনের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হানডা (বাংলাদেশ) গার্মেন্টস কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪ কোটি ১৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪১৩ কোটি টাকা) বিনিয়োগ করতে যাচ্ছে।
বুধবার (৩০ জুলাই) ঢাকার বেপজা প্রধান কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং হানডার মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও হানডা বাংলাদেশের চেয়ারম্যান হ্যাং ঝেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বহুমুখী উৎপাদন, বিশাল কর্মসংস্থান
বিনিয়োগের আওতায় প্রতিষ্ঠানটি প্রতি বছর ৭ কোটি ২১ লাখ পিস বিভিন্ন ধরণের পোশাক উৎপাদন করবে—যার মধ্যে রয়েছে টি-শার্ট, জ্যাকেট, স্যুট, ট্র্যাকস্যুট, ড্রেসিং গাউন ও শিশুদের পোশাক। এতে প্রায় ১০ হাজার ১১২ জন স্থানীয় কর্মসংস্থানের সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার চেয়ারম্যান হানডার বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা দ্রুত জমি হস্তান্তর করবো, যেন নির্মাণ কাজ দ্রুত শুরু হয়।” তিনি বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন, সরকারি বিভিন্ন দপ্তরের জটিলতায় বেপজা সহযোগিতা করবে।
হানডা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হান চুন বলেন, “আমরা শুধু সস্তা শ্রম নয়, বরং বাংলাদেশে আধুনিক প্রযুক্তি ও টেকসই উৎপাদন ব্যবস্থা নিয়ে আসতে চাই।”
তিনি আরও জানান, “আমরা ডিজিটাল ও স্বয়ংক্রিয় কারখানা গড়ে তুলব, যা স্থানীয় ডিজাইন ও প্রযুক্তিগত টিমের মাধ্যমে বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হবে।”
হান চুন জানান, বাংলাদেশের কর্মীরা ভবিষ্যতে প্রতিষ্ঠানটির চীনের হাইনানসহ অন্যান্য আন্তর্জাতিক ইউনিটে কাজের সুযোগ পাবেন।
বেপজায় বিনিয়োগচিত্র
বর্তমানে বেপজা অর্থনৈতিক অঞ্চলে হানডাসহ ৪৩টি প্রতিষ্ঠান প্রায় ৯৮৩.৪৮ মিলিয়ন ডলারের চুক্তি করেছে। এর মধ্যে পাঁচটি ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে এবং আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে।
হানডার এই বিনিয়োগকে বেপজা অর্থনৈতিক অঞ্চলকে উচ্চমূল্য সংযোজনের একটি বহুমুখী শিল্প কেন্দ্র হিসেবে গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজা ও হানডা ইন্ডাস্ট্রিজের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


