মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট। আগুনের কারণে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর থেকে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকাগামী কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট নিরাপত্তার কারণে বিকল্প রুটে পাঠানো হয়েছে। এর মধ্যে ইউএস-বাংলা, এয়ার এরাবিয়া ও ক্যাথে প্যাসিফিকের কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে।

ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ার ও মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে আছে। সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও চট্টগ্রামে নেমেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আরও কয়েকটি ইউনিট যোগ দিচ্ছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো এলাকার একটি অংশে আগুন লেগেছে; পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমান বাহিনী ও বেবিচকের টিমও কাজ করছে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Share.
Exit mobile version