ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীতে গত দুই সপ্তাহে প্রায় সাড়ে তিন কোটি টাকার জাল ধ্বংস করেছে প্রশাসন। এ সময় ১৩০ জন জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দেয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৭টি স্থানে অভিযান চালানো হয়। এতে ১১৫ কেজি ইলিশ ও আনুমানিক ২ লাখ ৭২ হাজার ঘনমিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ১২০টি অভিযান পরিচালনা করা হয়, যার মধ্যে ৩৯টি ভ্রাম্যমান আদালত। এতে ২২ জনের নামে মামলা, ৭৩ হাজার টাকা জরিমানা এবং নিলাম থেকে ৯৭ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
রাজবাড়ীর ৬৫ কিলোমিটার পদ্মা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ২৫ অক্টোবর পর্যন্ত।
