ঢাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন সোমবার (২৭ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন। তিনি জানান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে এ বিষয়ে মঙ্গলবার শুনানি হতে পারে।
রিটে বলা হয়েছে, এক বছর আগে মেট্রোরেলের স্তম্ভ থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার অনুরূপ ঘটনা ঘটেছিল। গতকাল আবার একই ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। এরপর সড়ক পরিবহন ও সেতু বিভাগ ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা এবং একটি তদন্ত কমিটি গঠন করে।
রিটে দুটি ঘটনার প্রেক্ষাপট ও কারণ তদন্তে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে, যাতে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।
এছাড়া, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বরের ঘটনার অনুসন্ধান প্রতিবেদনও আদালতে জমা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।রিটে সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনকে বিবাদী করা হয়েছে।
