ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই সনদভিত্তিক তরুণদের পলিসি ডায়ালগে বক্তব্য শেষে অনুষ্ঠান বর্জন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা। তাঁরা অভিযোগ করেন, আয়োজক অধ্যাপক মুহাম্মদ আইনুল ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে অতীতে পক্ষপাতমূলক ভূমিকা রেখেছেন।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদের গণতন্ত্র চর্চা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইয়ুথ পলিসি ডায়ালগ অন দ্য জুলাই চার্টার’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অধ্যাপক আইনুল ওই কেন্দ্রের পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক।
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বক্তব্য শেষে বলেন, “জুলাই সনদের বিরোধিতাকারী কেউ এই আয়োজনে থাকলে সেটি অগ্রহণযোগ্য।” পরে তিনি ও অন্য ছাত্র সংসদ প্রতিনিধিরা একযোগে অনুষ্ঠান ত্যাগ করেন।
অভিযোগ অস্বীকার করে অধ্যাপক আইনুল ইসলাম বলেন, “আমি কখনোই ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিইনি, ছাত্র প্রতিনিধিরা বিভ্রান্ত হয়েছেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, বদিউল আলম মজুমদার, অধ্যাপক তৈয়েবুর রহমান ও অধ্যাপক মাহবুবুর রহমান।
