বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে বৃহত্তর জোট গঠন করা হবে। সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা চাই দলের ভেতরে এবং জাতির মধ্যে ঐক্য বজায় থাকুক। কেউ যেন বিভেদের পথে না যায়—এই বার্তাই আমরা দিতে চাই।” তিনি আরও জানান, আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়েই বিএনপি বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করবে।
যুবসমাজকে রাজনীতির মূলধারায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে সালাহউদ্দিন বলেন, “আমরা সারা দেশে তরুণদের রাজনৈতিক ভাবনা শুনেছি। তাদের মতামত নিয়েই জাতি গঠনে নতুন কর্মসূচি প্রণয়ন করছি। ভবিষ্যৎ বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর।”
এ সময় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
