ওয়াসিম আকরাম, নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন—এমন প্রচার চালিয়ে মাইকিং করার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রচারণায় ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাইকিংয়ে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে প্রচার করা হয়। একই সঙ্গে দল-মতনির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। প্রচারণার শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন, মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামের রইছ উদ্দিন মোল্লার ছেলে তারেক রহমান (১৬) এবং কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (২৫)।
পুলিশি অভিযানের সময় মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়। তবে অটোরিকশাটির চালক কাবিল হোসেন পালিয়ে যান বলে জানা গেছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রচারে মাইকিংয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

