ওয়াসিম আকরাম, নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় লটারির মাধ্যমে দুই ইউনিয়নে ২০ নারী শ্রমিক নির্বাচন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ভারশোঁ ও তেঁতুলিয়া ইউনিয়নে আবেদনকারীদের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে তাঁদের নির্বাচন করা হয়। উপজেলার ১৪টি ইউনিয়নে পর্যায়ক্রমে প্রতিটিতে ১০ জন করে মোট ১৪০ জন নারী শ্রমিক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ ও মাটি কাটার কাজে নারী শ্রমিকদের নিয়োগ দেওয়া হবে। এর অংশ হিসেবে রোববার ভারশোঁ ও তেঁতুলিয়া ইউনিয়নে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ভারশোঁ ইউনিয়নে ১০টি পদের বিপরীতে আবেদন করেন ৪৯ জন নারী। যাচাই-বাছাই শেষে ৩৩ জন লটারিতে অংশ নেওয়ার সুযোগ পান। তাঁদের মধ্য থেকে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এ ছাড়া আরও ১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
অন্যদিকে, তেঁতুলিয়া ইউনিয়নে ১০টি পদের বিপরীতে আবেদন করেন ৩৫ জন নারী। যাচাই-বাছাই শেষে ১৯ জন লটারিতে অংশ নেওয়ার যোগ্য বিবেচিত হন। তাঁদের মধ্য থেকে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এ ইউনিয়নেও আরও ১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নির্বাচিত কোনো শ্রমিক কাজে যোগ দিতে অপারগতা প্রকাশ করলে কিংবা দুর্ঘটনা, অসুস্থতা বা অন্য কোনো কারণে কাজ করতে না পারলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে অন্য শ্রমিককে কাজের সুযোগ দেওয়া হবে।
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজর রহমান সুমন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল, উপজেলা উপসহকারী প্রকৌশলী শাহিনুর রহমান, সার্ভেয়ার এহতেশাম বিল্লাহ, ইউনিয়ন প্রশাসক জাহিদুল ইসলাম ও নাজমুল হোসাইন, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

