শুক্রবার | অক্টোবর ১৬ | ২০২৬

ওয়াসিম আকরাম, নওগাঁ :নওগাঁর মান্দায় উৎসবমুখর পরিবেশে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘কারাম’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নাচ, গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে ভালাইন ইউনিয়নের উৎসবস্থল।

জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ (মান্দা উপজেলা শাখা) ও ভালাইন ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। ঐতিহ্যবাহী পোশাক পরে ঢাক, মাদল ও বাঁশির তালে আদিবাসী শিল্পীরা নাচ-গান পরিবেশন করেন।

আয়োজকরা বলেন, নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার লক্ষ্যেই প্রতিবছর কারাম উৎসব আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মকলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ব্যবসায়ী হাজী আব্দুল মতিন মাল, বৈদ্যপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি মঞ্জুরুল ইসলাম ও প্রধান শিক্ষক জনক শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইউএনও মোসা. আতিয়া খাতুন বলেন, ‘কারাম উৎসব শুধু ধর্মীয় আয়োজন নয়, এর মাধ্যমে প্রকৃতির প্রতি ভালোবাসা, সৌভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা পাওয়া যায়। আদিবাসী সংস্কৃতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।’

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে বলেন, কারাম উৎসবের ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ সৃষ্টিকর্তার কাছে নিজেদের আশা-আকাঙ্ক্ষার কথা জানান। একই সঙ্গে ভাষা ও সংস্কৃতি রক্ষার আন্দোলনের অংশ হিসেবেও এ আয়োজন গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী নেতা, ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version