শুক্রবার | মার্চ ৬ | ২০২৬

বিশ্ববাজারে বিক্রি হ্রাস ও আমদানি শুল্কের চাপের কারণে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় বড় ধস দেখেছে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ (BMW)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে তাদের নিট মুনাফা এক বছরের ব্যবধানে ৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.৮ বিলিয়ন ইউরো (প্রায় ২.১ বিলিয়ন মার্কিন ডলার)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক বিবৃতিতে BMW আরও জানায়, এ সময় প্রতিষ্ঠানটির মোট রাজস্বও ৮ শতাংশ কমে দাঁড়ায় ৩৪ বিলিয়ন ইউরোতে।

বিএমডব্লিউ জানায়, সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করে দেখা যায় যে চীনে বিদেশি বিলাসবহুল গাড়ি বিক্রি হ্রাস পেয়েছে। বিশেষ করে ইলেকট্রিক যানবাহনের বাজারে স্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতাই মুনাফা হ্রাসের অন্যতম কারণ। শুধু চীনেই বিএমডব্লিউর বিক্রি কমেছে ১৪ শতাংশ।

এর পাশাপাশি, চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় যানবাহন ও যন্ত্রাংশের উপর ২৭.৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এতে বিএমডব্লিউর আমেরিকান বাজারে লাভের মার্জিনে উল্লেখযোগ্য প্রভাব পড়ে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অতিরিক্ত শুল্কের ফলে চলতি বছর তাদের গাড়ি বিক্রিতে লাভের হার কমে যেতে পারে প্রায় ১.২৫ শতাংশ পয়েন্ট।

তবে মুনাফায় ধস নামলেও বিএমডব্লিউ ২০২৫ সালের লাভের লক্ষ্যমাত্রা ঠিক রেখেছে। প্রতিষ্ঠানটি ধারণা করছে, তাদের গাড়ি বিক্রির উপর মুনাফার হার ৫ থেকে ৭ শতাংশের মধ্যে থাকবে, যা ২০২৪ সালে ছিল ৬.৩ শতাংশ।

বিএমডব্লিউ  ছাড়াও জার্মান গাড়ি নির্মাতা ভক্সওয়াগন (Volkswagen) এবং মার্সিডিজ বেঞ্জ (Mercedes-Benz) একই ধরনের আর্থিক চাপে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, চীনে বাজার সংকোচন এবং যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক—এই দুই চ্যালেঞ্জই জার্মান গাড়ি শিল্পের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।

Share.
Exit mobile version