সারাদেশের অধস্তন আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার প্রথম ধাপ (এমসিকিউ) উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী। শুক্রবার (১২ জুন) বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
বার কাউন্সিল সূত্রে জানা গেছে, এবারের এমসিকিউ পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। উত্তীর্ণদের মধ্যে রয়েছেন জাইমা রহমান। তিনি বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়ে প্রথম ধাপ সফলভাবে অতিক্রম করেছেন।
বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে অধস্তন আদালতে প্র্যাকটিস করতে হলে তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ধাপগুলো হলো নৈর্ব্যক্তিক (এমসিকিউ), লিখিত এবং মৌখিক পরীক্ষা।
নিয়ম অনুযায়ী, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। লিখিত পরীক্ষায় সফল হলে তারা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। একজন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার আয়োজন, নীতিমালা নির্ধারণ এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পালন করে থাকে।
এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে এখন উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য পরবর্তী ধাপের লিখিত পরীক্ষার প্রস্তুতির আনুষ্ঠানিক পথ উন্মুক্ত হলো।

