রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে “ঈদ আনন্দ ভাগাভাগি” অনুষ্ঠান। দেশের বিভিন্ন জেলা থেকে আগত বাউল, ফকির ও লোকশিল্পীরা অংশ নিয়ে এটিকে পরিণত করেছেন সম্প্রীতি, সাংস্কৃতিক ঐক্য ও ভালোবাসার অনন্য মিলনমেলায়।
সংবর্ধনার পর বাউল শিল্পীদের হাতে ঈদ উপলক্ষে নগদ অর্থ তুলে দেন রেজাউদ্দিন স্টালিন, ড. মুহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মন্ডল এবং সাধারণ সম্পাদক সরদার হীরক রাজা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাউল অনুরাগী রিসালাত খান এই মানবিক উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউদ্দিন স্টালিন বলেন, বাউল শিল্পীরা মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তাদের অবদান অতুলনীয়। তাই বাউলদের যথাযথ সম্মান ও পৃষ্ঠপোষকতা দেওয়া আমাদের সকলের দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাউল সংস্কৃতি শুধু বাংলাদেশের নয়, বিশ্ব সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সরকারি-বেসরকারি সকল মহলকে একসঙ্গে কাজ করতে হবে।
সংস্থার সাধারণ সম্পাদক সরদার হীরক রাজা স্বাগত বক্তব্যে বলেন, হাজার বছরের বাউল ঐতিহ্য আমাদের গর্ব। ঈদের আনন্দ বাউল শিল্পীদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
সাংস্কৃতিক পরিবেশনা
অনুষ্ঠানে বাউল শিল্পীদের মনমুগ্ধকর লোকগান ও বাউল সংগীত পরিবেশিত হয়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
এ সময় উপস্থিত ছিলেন ড. জাহিদুল কবীর লিটন, উপসচিব আবুল কালাম, সমির বাউল, চ্যানেল এসের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ আলী আহসান লিটন, ইসলামিক টিভির শাহ সুফি রিপন চিশতিসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল ও লোকশিল্পীরা।
আয়োজকরা জানিয়েছেন, বাউল সংস্কৃতি সংরক্ষণ, শিল্পীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নতুন প্রজন্মের কাছে লোকসংস্কৃতি পৌঁছে দিতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখা হবে।


