ধর্মীয় ভাবগাম্ভীর্য, আন্তর্জাতিক অংশগ্রহণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল প্যারিসের পার্শ্ববর্তী শহর ববিংনি। আন্তর্জাতিক বুড্ডিস্ট কাউন্সিল অব ফ্রান্স ও ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ফ্রান্সে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা তথা ইন্টারন্যাশনাল ভেসাখ ডে-২০২৬। ৭ই জুন রবিবার প্যারিসের পার্শ্ববর্তী ববিংনি সিটি কাউন্সিলের হল রুমে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন দেশের কূটনীতিক, বৌদ্ধ ভিক্ষুসংঘ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম পর্বে কাঁকন বড়ুয়া ও মিশেল বড়ুয়ার সঞ্চালনায় ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। এ পর্বে বুদ্ধ পূজা, মঙ্গলাচরণ, শীল গ্রহণ, বৌদ্ধ পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, বুদ্ধ স্নান, সংঘদান এবং অষ্টপরিষ্কার দান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ধর্মীয় পরিবেশ উপস্থিত সকলের মধ্যে গভীর শ্রদ্ধা ও ভক্তির আবহ সৃষ্টি করে।
এ সময় বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া ও শ্রীলঙ্কার পূজনীয় ভিক্ষুসংঘ শুভ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য এবং মানবকল্যাণে বুদ্ধের শিক্ষা ও দর্শনের গুরুত্ব তুলে ধরে ধর্মদেশনা প্রদান করেন। তাঁদের বক্তব্যে বিশ্বশান্তি, সম্প্রীতি, অহিংসা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বুড্ডিস্ট কাউন্সিল অব ফ্রান্সের সভাপতি সিবলী বড়ুয়া। নবকুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও নিউ উ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাওসের রাষ্ট্রদূত কালামুংখৌন সউহানোইভং, ববিংনির মেয়র আবদেল সাদি, বিশিষ্ট নিউরো সায়েন্টিস্ট অধ্যাপক ড. উত্তম বড়ুয়া এবং ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ।
স্বাগত বক্তব্যে সিবলী বড়ুয়া বলেন,
বুদ্ধের শান্তি, মৈত্রী ও মানবতার বাণী আজকের বিশ্বে আরও বেশি প্রাসঙ্গিক। তিনি প্রবাসে বৌদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে এ ধরনের আন্তর্জাতিক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। অতিথিবৃন্দও তাঁদের বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান এবং মানবকল্যাণে বুদ্ধের দর্শনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারত ও বাংলাদেশের খ্যাতিমান ও প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত গান ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মৌসুমী চক্রবর্তী, সাইফুল ইসলাম, চয়ন বড়ুয়া, আবু বক্কর আলামিন, উত্তম বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, নিশিতা বড়ুয়াসহ অন্যান্য শিল্পীরা।
অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শুভাশিষ বড়ুয়া, জিতু বড়ুয়া, সেবক বড়ুয়াসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রমোদ বড়ুয়া, জনি বড়ুয়া, চম্পা বড়ুয়া, শুভ বড়ুয়া, কাঁকন বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুজিত বড়ুয়া, গৌতম বড়ুয়াসহ আন্তর্জাতিক বুড্ডিস্ট কাউন্সিল অব ফ্রান্স ও ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা অ্যাসোসিয়েশনের অসংখ্য সদস্য ও স্বেচ্ছাসেবক।
ধর্মীয় আচার, আন্তর্জাতিক অংশগ্রহণ, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দিনব্যাপী এ আয়োজন বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিয়ে প্রবাসে বৌদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

